ধর্ম, পরিবার ও ভবিষ্যৎ: দৃঢ় সংকল্পে বিশৃঙ্খলা থেকে উত্তরণ
ইসলাম কোনো নিছক স্থবির আচার বা উত্তরাধিকারসূত্রে পাওয়া কিছু প্রথার নাম নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনপদ্ধতি, যা মানুষকে প্রস্তুত করে এক মহান দিনের জন্য—সেটি হলো হিসাবের দিন। ইসলাম মানুষকে আহ্বান জানায়, যেন সে নিজেকে হিসাবের চোখে পরীক্ষা করে—কী কর্ম করেছে, তার রব সম্পর্কে কী ধারণা পোষণ করেছে, এবং মানুষদের মাঝে কেমন জীবনযাপন করেছে।
ইবাদতে এই অন্তর ও বহিরঙ্গের ভারসাম্য স্পষ্ট হয়ে ওঠে। মুসলমান যখন নামাজে দাঁড়ায়, তখন তাকে চোখ বন্ধ করতে বলা হয়নি; বরং তাকে সজাগ, সচেতন থাকতে বলা হয়েছে। সে নামাজ পড়তে পারে যে কোনো সময়, যে কোনো স্থানে, এমনকি চলার পথে। কেননা আভ্যন্তরীণ জীবন বাইরের জীবন থেকে বিচ্ছিন্ন নয়। বরং বাহ্যিক আচরণ হওয়া উচিত অন্তরের স্বচ্ছ প্রতিফলন। তাই মুমিনের উচিত তার প্রতিটি কথা, কাজ ও আচার-আচরণে সচেতন থাকা, দায়িত্বশীল থাকা, এবং সর্বদা আল্লাহর তত্ত্বাবধান অনুভব করা।
আল্লাহর অনুগ্রহ এই যে, তিনি বান্দাদের এই দায়িত্বকে কোনো ভারী বোঝা বানাননি; বরং এটিকে করেছেন দায়িত্ব ও নিয়ামতের এক সুষম মিলন। আমলগুলো একদিকে নিয়ামতের আস্বাদন, অন্যদিকে তার শোকর আদায়। যেমন—খাবার দেহকে শক্তি জোগায় এবং মনকে আনন্দ দেয়। আবার যৌন আকাঙ্ক্ষার স্বাদও অনুমোদিত হয়েছে শুধু তার স্বাভাবিক কাঠামোর মধ্যে—যা হলো বিবাহ, যার দ্বারা পরিবার প্রতিষ্ঠিত হয়। পরিবারই হলো সেই দৃঢ় বন্ধন, যা অতীতকে ভবিষ্যতের সাথে যুক্ত করে। পরিবারেই পরীক্ষা হয় ঈমানের সততা, ফুটে ওঠে আদর্শের প্রভাব, যেন মানুষ কিয়ামতের দিন হাজির হয় দায়িত্ব আদায়ের সাক্ষ্য নিয়ে। আর যে ব্যক্তি নিজের খেয়াল-খুশির দাস হয়ে যায়—যেন আল্লাহ তাকে দেখছেন না, যেন তাঁর আদেশ আকাশ ও জমিনে প্রবাহিত নয়—সে হলো সীমালঙ্ঘনকারী, যাদেরকে আল্লাহ নিন্দা করেছেন।
আমাদের যুগে মানবসভ্যতা গভীর পরিবর্তনের মুখোমুখি, যা নড়িয়ে দিয়েছে মানবিক সম্পর্কের ভিত, বিশেষ করে পরিবারকে। প্রযুক্তির দ্রুত অগ্রগতি, নারী-পুরুষের ভূমিকার পরিবর্তন, নৈতিক মানদণ্ডের বিপর্যয়—এসব মিলেই এই দৃঢ় ভিত্তিকে দুর্বল করে তুলেছে। অথচ পরিবার আসলে হলো নিরাপত্তার বেষ্টনী, ভালোবাসার দুর্গ—যেখানে মিলিত হয় আত্মীয়তা, দায়িত্ববোধ ও অভিন্ন নিয়তি। এটি একটি জীবন্ত সত্তা, যেখানে অনুভূতি একে অপরকে জড়িয়ে ধরে, কর্মসমূহ একে অপরকে সমর্থন দেয়। এর ভিত্তি দৃঢ় থাকলে সমাজে স্থিতি আসে, আর যদি তা ভেঙে পড়ে তবে কেঁপে ওঠে গোটা সমাজ।
পরিবারের ভাঙন কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং তা সমাজব্যাপী এক ব্যাধি। সাধারণত এর সূচনা হয় তখনই, যখন মা-বাবা—যৌথভাবে বা এককভাবে—নিজেদের স্বাভাবিক ভূমিকা পালনে ব্যর্থ হয়। তখন প্রজন্মের বন্ধন দুর্বল হয়, ভালোবাসা শিথিল হয়, আর শেষপর্যন্ত ভেঙে যায় ঘর। এর অন্যতম প্রধান কারণ হলো আজকের যুগে যৌন সম্পর্ককে সন্তান ও দায়িত্ব থেকে বিচ্ছিন্ন করা। গর্ভনিরোধক পদ্ধতির ব্যাপক প্রসার, গর্ভপাতের সহজলভ্যতা—এসবই পুরুষ-নারীর মেলামেশাকে তার আসল লক্ষ্য থেকে বিচ্ছিন্ন করেছে। একসময় এই সম্পর্ক ছিল ভবিষ্যৎ গঠনের অঙ্গীকার; আজ তা পরিণত হয়েছে ক্ষণস্থায়ী ভোগে।
সমস্যা আরও বেড়েছে, যখন কিছু মতবাদ এই বিশৃঙ্খলাকে স্বাধীনতা বলে প্রচার করেছে, বিশেষত নারীর জন্য। অথচ বাস্তবে তা নারীর মর্যাদা রক্ষা করতে পারেনি; বরং তাকে পণ্য বানিয়েছে, মায়ের ও শিক্ষিকার মহান ভূমিকা থেকে বঞ্চিত করেছে, প্রজন্মের নৈতিক স্তম্ভ হিসেবে তার অবস্থানকে উপেক্ষা করেছে। নারীকে অনেক সময় জোর করেই বিশ্বাস করানো হয়েছে যে স্বাধীনতা মানে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া। ফলে ক্ষতি হয়েছে, কষ্ট বেড়েছে, নারী শোষিত হয়েছে—সম্মানিত হওয়ার বদলে।
বিশেষত বিশ শতকের মধ্যভাগ থেকে নারীদের প্রবলভাবে ঠেলে দেওয়া হলো গৃহস্থালির ভূমিকা ছেড়ে আর্থিক স্বাধীনতার নামে কর্মক্ষেত্রে। যদিও এতে কিছু আর্থিক সুফল এসেছে, কিন্তু মা হওয়া ও সন্তান পালনের মর্যাদা কমে গেছে। সন্তানধারণ হয়ে উঠেছে এক বোঝা, সন্তান জন্মানো হয়েছে অনিচ্ছিত, এমনকি তিরস্কৃত। যেসব নারী পরিবারকেই প্রাধান্য দিতে চেয়েছিলেন, তাদেরকেও সমাজের চাপের মুখে পড়তে হয়েছে প্রচলিত অর্থনৈতিক ধাঁচে যুক্ত হওয়ার জন্য। ফলে এলোমেলো হয়ে গেছে পারিবারিক জীবনের স্বাভাবিক ছন্দ। শিশুদের শৈশব কাটছে ডে-কেয়ার সেন্টারে, তারা বঞ্চিত হচ্ছে মায়ের স্নেহময় স্পর্শ থেকে, যা তাদের মানসগঠনের জন্য অপরিহার্য। এভাবে বেড়ে উঠেছে প্রজন্ম, যারা পর্দার জগতে ডুবে গেছে, কিন্তু পিতামাতার দিকনির্দেশনা থেকে দূরে। মা-বাবার ব্যস্ততায় সন্তানদের সঙ্গ কমে গেছে, জায়গা নিয়েছে গেমস আর টিভি প্রোগ্রাম। ফলে দেখা দিয়েছে আবেগের শূন্যতা, আচরণের অস্থিরতা, এবং দুর্বল হয়ে গেছে সম্পর্কবোধ। এর পরিণতি হয়েছে ভয়াবহ। শিশুরা যারা নিরাপদ আশ্রয়ের স্বাদ পায়নি, তারা বড় হয়েছে উদ্বেগ নিয়ে, আত্মবিশ্বাসহীনতায় ভুগে, আবেগের অস্থিরতায় জর্জরিত হয়ে। দৃঢ় চরিত্র গড়ে ওঠার বদলে তারা লালন করেছে হিংসা ও ঈর্ষা, যা বড় বয়সে রূপ নিয়েছে রাগ, নিঃসঙ্গতা ও সম্পর্কের ভাঙনে। আর তাদের সমাজ ভোগ করেছে এর ফল—সহিংসতা, সন্দেহ ও ছিন্ন-বিচ্ছিন্নতা।
এ বিশৃঙ্খলা শুধু সামাজিক নয়; এটি নৈতিক ও আত্মিক বিপর্যয়ও বটে। আধুনিক সভ্যতা অনেক দিকেই ফিতরার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সৃষ্টিকর্তার প্রজ্ঞাকে উপেক্ষা করেছে। আল্লাহ বলেছেন:
“كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَى، أَن رَّآهُ اسْتَغْنَى، إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَى”
কখনো নয়, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে।কেননা সে নিজকে মনে করে স্বয়ংসম্পূর্ণ। তোমার রবের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।(সূরা আল-আলাক ৬-৮)
অর্থাৎ মানুষ যখন অহংকারে ভরে ওঠে, ভাবে যে সে কারো মুখাপেক্ষী নয়—তখনই সে সীমা লঙ্ঘন করে এবং ধ্বংসের পথে যায়।
এখানে ঈমানই সামনে আসে চিকিৎসা ও দিশারি হয়ে।
এটি মূল্যবোধকে পুনর্সজ্জিত করে, এবং পুরুষ-নারী উভয়কেই স্মরণ করিয়ে দেয়—তাদের বিবাহ কোনো আধিপত্যের লড়াই নয়, বরং এটি যৌথ দায়িত্বের অঙ্গীকার। ঈমান পিতৃত্ব ও মাতৃত্বকে ফিরিয়ে দেয় তাদের মর্যাদা—এমন কোনো অতীতের নিদর্শন হিসেবে নয়, বরং সভ্যতার টিকে থাকার প্রধান স্তম্ভ হিসেবে। ধর্মই পরিবারের প্রকৃত অর্থকে রক্ষা করে এবং ভবিষ্যতের পথকে আলোকিত করে।
মানবজাতি এই অরাজকতা থেকে উত্তরণের জন্য তিনটি মৌলিক ভিত্তি প্রয়োজন:
প্রথমত: যৌন সম্পর্ককে তার স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনা। এর মানে আনন্দকে নিষিদ্ধ করা নয়, বরং তাকে তার প্রকৃত লক্ষ্য—জীবনের ধারাবাহিকতা ও তার যত্ন—এর সাথে যুক্ত করা।
দ্বিতীয়ত: পরিবারকে তার কেন্দ্রীয় অবস্থান ফিরিয়ে দেওয়া, এবং সেইসব আইন ও নীতিমালা সংস্কার করা যা পরিবারকে দুর্বল করে দেয়। পরিবারকে সহায়তা করা উচিত, শাস্তি নয়—যদি মা-বাবার কেউ, সাধারণত মা, সন্তান প্রতিপালনে পুরোপুরি নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন।
তৃতীয়ত: আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষাকে পুনর্জাগ্রত করা, যাতে তা অতিরিক্ত ব্যক্তিকেন্দ্রিকতা ও ভোগবাদী প্রবণতাকে প্রতিহত করতে পারে—যে প্রবণতা সম্পর্কগুলোকে বানায় লেনদেনের মতো, আর শিশুদের ফেলে দেয় প্রান্তিকতায়।
ধর্ম, পরিবার ও ভবিষ্যৎ—এগুলো একে অপরের সাথে জড়িয়ে থাকা সূতো, যা মিলে সভ্যতার বুনন গড়ে। ধর্ম দুর্বল হলে পরিবার দুর্বল হয়, পরিবার দুর্বল হলে ভবিষ্যৎ বিপন্ন হয়। আগামী দিনের নিশ্চিন্ত, দৃঢ় ও ভালোবাসায় ভরা জীবন লাভের একমাত্র পথ হলো ফিতরায় ফিরে যাওয়া। তবে তা হবে না অন্ধ অনুকরণ, বরং হবে পরিণত ও সজ্ঞান প্রত্যাবর্তন।
কারণ পরিবার অতীতের কোনো নিদর্শন নয়; পরিবারই হলো ভবিষ্যতের গর্ভ। আর যে এই গর্ভকে সম্মান করতে জানে না, সে কোনো সভ্যতাই নির্মাণ করতে পারবে না, যা টিকে থাকার যোগ্য।
————–
ক্যাটাগরি : পারিবারিক জীবন, ইসলামি আলোচনা, আখলাক।
✍️ মূল রচনা: ড. মুহাম্মদ আকরাম নাদভী, অক্সফোর্ড
✍️ অনুবাদ, যাচাই ও সম্পাদনা: মাওলানা মারজান আহমদ, সিলেট, বাংলাদেশ
🔗 https://t.me/DrAkramNadwi/6867