AkramNadwi

শিরোনাম : যাকাত সম্পর্কিত দুটি প্রশ্ন। ———-

শিরোনাম : যাকাত সম্পর্কিত দুটি প্রশ্ন।
———-
بسم الله الرحمن الرحيم.

ম্যানচেস্টারের আয়েশা আহমদ যাকাত বিষয়ে দুটি প্রশ্ন করেছেন। নিচে সেগুলোর উত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

|| প্রথম প্রশ্ন:

পেনশনের উপর কি যাকাত দিতে হবে? আমি একটি মতামত পড়েছি যে, পেনশনের টাকা হাতে পাওয়ার পর যাকাত দিতে হয়, আগে থেকে নয়।

|| উত্তর:
পেনশনের উপর আগে থেকেই যাকাত দিতে হয় না, যতক্ষণ না আপনি তা হাতে পাচ্ছেন। কারণ, যাকাত কেবল সেই সম্পদের উপর ফরজ হয়, যা আপনার মালিকানায় এবং নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণত পেনশনের টাকা নির্দিষ্ট বয়স বা শর্ত পূর্ণ না হওয়া পর্যন্ত আপনার হাতে আসে না, তাই সেটি আপনার মালিকানাধীন সম্পদ হিসেবে গণ্য হয় না।

যখন আপনি পেনশন থেকে টাকা পেতে শুরু করবেন, তখন সেই অর্থ আপনার মালিকানায় আসবে এবং সাধারণ আয়ের মতো গণ্য হবে। তবে যাকাত কেবল সেই অংশের উপর ফরজ হবে, যা আপনি খরচ না করে সঞ্চয় করেন এবং তা এক পূর্ণ চান্দ্র বছর পর্যন্ত আপনার কাছে থাকে, এবং নিসাবের পরিমাণ অতিক্রম করে।

সারকথা: পেনশন জমার সময় যাকাত নেই, কিন্তু হাতে পাওয়ার পর যদি তা জমে থাকে ও নিসাব পূর্ণ হয়, তখন তা অন্যান্য সঞ্চয়ের মতোই যাকাতযোগ্য হবে।

|| দ্বিতীয় প্রশ্ন:

সব ধরনের সোনা—অলংকার হিসেবে ব্যবহৃত হোক বা বিনিয়োগের জন্য রাখা হোক—সবকিছুর উপর কি যাকাত দিতে হবে?

|| উত্তর:
সোনা যদি নিসাব (প্রায় ৮৫ গ্রাম বিশুদ্ধ সোনা) পরিমাণে হয় এবং তার উপর এক চান্দ্র বছর অতিক্রম করে, তবে যাকাত ফরজ হয়। তবে ব্যক্তিগত ব্যবহারের অলংকার নিয়ে আলেমদের মধ্যে ভিন্নমত রয়েছে।

= মতামত ১ (হানাফি মাযহাব ও অনেক সমকালীন আলেম):
সব ধরনের সোনার উপর যাকাত দিতে হবে—তা বিনিয়োগের জন্য হোক বা নিয়মিত অলংকার হিসেবে ব্যবহৃত হোক। এ দৃষ্টিভঙ্গিতে অলংকারও সম্পদ এবং তাই যাকাতযোগ্য।

= মতামত ২ (শাফেয়ি, মালিকি ও হাম্বলি মাযহাব – কিছু শর্তসহ):
নিয়মিত ব্যবহারের জন্য রাখা সোনার অলংকারের উপর যাকাত নেই, কারণ এটিকে ব্যক্তিগত ব্যবহার ধরা হয়, সম্পদ সঞ্চয় নয়। তবে যদি অলংকার অত্যধিক হয়, বা মূলত সঞ্চয়ের উদ্দেশ্যে রাখা হয়, তবে যাকাত দিতে হবে।

———- ———-

ক্যাটাগরি : ফাতাওয়া, ফিকহ, শিক্ষা।

✍️ মূল রচনা: ড. মুহাম্মদ আকরাম নাদভী, অক্সফোর্ড
✍️ অনুবাদ, যাচাই ও সম্পাদনা: মাওলানা মারজান আহমদ, সিলেট, বাংলাদেশ

🔗 অনূদিত মূল প্রবন্ধের লিংক: 👇
https://t.me/DrAkramNadwi/6775

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *