https://t.me/DrAkramNadwi/5760
❝
হে শক্তি ও উচ্চতার প্রতীক! তোমার প্রান্তর ও উপত্যকা নবীজি সা. এর সাহাবাদের বীরত্ব ও বিরল সাহসিকতার সাক্ষ্য দিয়েছে (যাঁদের প্রতি আল্লাহর সন্তুষ্টি বর্ষিত হোক)। তুমি ছিলে যুদ্ধের ময়দান, সত্য ও ত্যাগের ক্ষেত্র। আজও তোমার প্রান্ত ও আশপাশে ইতিহাসের প্রতিধ্বনি শোনা যায়। তোমার মাটি শহীদদের পবিত্র রক্তে সিক্ত হয়েছে, এবং পৃথিবীর পূর্ব-পশ্চিমে ছড়িয়ে থাকা সকল শহীদের সঙ্গে তোমার সম্পর্ক স্থাপিত হয়েছে। আল্লাহর পথে যেই নিহত হয়েছে, সে তোমারই পবিত্র, ধার্মিক সন্তান।
হে শহীদদের প্রতীক! তুমি এমন পুত্র ও কন্যাদের জন্ম দিয়েছো, যাঁদের রক্ত যুগে যুগে পৃথিবীকে পবিত্র করেছে। তোমার সন্তানরা সংখ্যায় বৃদ্ধি পেয়েছে ক্রুসেডের সময় ফিলিস্তিনে, মাওয়ারাউন্নাহর, খোরাসান ও ইরাকের মঙ্গোল আক্রমণের সময়, আন্দালুসে, ভারতের বিভক্তির সময়, বার্মা, বসনিয়া এবং আমাদের সময়ে সিরিয়ায়।
হে আল্লাহর পথে নিহতদের মাতৃভূমি! ফিলিস্তিনে, বিশেষত গাজার মধ্যে তোমার উত্তরাধিকারীরা আরও বৃদ্ধি পেয়েছে, যখন থেকে এটি সিয়ানবাদীদের দখলে যায়। এখনও তোমার যুবক-প্রবীণ, পুরুষ-নারী, বৃদ্ধ ও শিশু সবাই আল্লাহর পথে আত্মত্যাগ করতে থাকে, তোমার প্রতি তাদের অঙ্গীকার পূর্ণ করে।
হে তাঁদের স্থায়ী আবাসস্থল, যারা আল্লাহর পক্ষ থেকে জীবিত হয়ে জীবিকা লাভ করেন! তোমার কি গাজায় রক্তে রঞ্জিত তোমার উত্তরাধিকারীদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে?
তখন সেই পাহাড়, যার নাম তাওহিদের শিকড় থেকে নেওয়া হয়েছে এবং যার প্রশংসা নবীজি সা. করেছেন এই বলে যে, “এটি এমন এক পাহাড়, যা আমাদের ভালোবাসে এবং আমরা এটিকে ভালোবাসি,” এই বলে তার বার্তা প্রকাশ করল:
“গাজার আমার সন্তান-সন্ততিদের বীরত্বের কাহিনি আমার কাছে পৌঁছেছে। যুদ্ধক্ষেত্রে তারা কখনও লাঞ্ছিত হয়নি। আত্মত্যাগের জন্য তারা কখনও কষ্টের আর্তনাদ করেনি। তাদের দেহ খণ্ড-বিখণ্ড করা হয়েছে, বিকৃত হয়েছে তাদের মুখ , তাদের হাত-পা কেটে ফেলা হয়েছে, তবু তারা কখনও বলেনি, ‘আমরা কেন এমন করেছি!’
তাঁদের জন্য জীবনের সব দুর্যোগ তুচ্ছ এবং ধর্ম রক্ষা তাদের কাছে সবার উপরে। নবীর সা. সাহাবাদের থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত তাঁদের ধর্ম তাঁরা ক্ষতিগ্রস্ত হতে দেননি।
“তাঁদের মৃত্যুর নিশ্চিত ডাকে সাড়া দিয়েছে, এ জেনে যে মৃত্যু অবধারিত। ধর্মের মর্যাদা রক্ষাকারী এবং মুসলমানদের সম্ভ্রমের প্রতিরক্ষকদের জানিয়ে দাও যে, আমার পাদদেশে শায়িত শহীদরা তাঁদের নিয়ে আনন্দিত এবং গর্বিত। তাঁরা তাঁদের মতোই, আসমানে পরিচিত, তাঁদের জন্য কবর ও মাজারের প্রয়োজন নেই। তাঁদের দেহ সুবাস ছড়ায়। তাঁদের জন্য গোলাপ বা ফুল ছিটানোর প্রয়োজন নেই। বরং জাতি ও সম্প্রদায়গুলো সেই কবরে চুম্বন করুক, যেখানে তাঁরা শায়িত।
“তাঁদের উত্তরাধিকারীদের জানিয়ে দাও, এই রক্ত বৃথা যাবে না। যেমন আমার পাদদেশে শুয়ে থাকা শহীদদের রক্ত বৃথা যায়নি। তাঁদের রক্ত ও ছিন্ন-বিচ্ছিন্ন দেহ থেকে এমন আল্লাহর বান্দা জন্ম নেবে, যারা তাঁর সামনে রুকু ও সিজদা করবে এবং তাঁর শত্রুদের বিরুদ্ধে কঠোর হবে।
“শহীদদের জানিয়ে দাও যে, আমার হৃদয় তাঁদের সঙ্গে আছে। আমি তাঁদের ছাড়া অন্য কাউকে বন্ধু মনে করি না। তাঁদের মতো ভালোবাসার কোনো বিকল্প নেই। শপথ সেই সত্তার, যিনি জীবন দেন এবং জীবন গ্রহণ করেন, তাঁর প্রতি আমার ভালোবাসার এই বন্ধন অন্য কোনো মানুষের সঙ্গে তুলনীয় নয়। তাঁদের পথ কখনও ধ্বংস হবে না, তাঁদের মর্যাদা কখনও বিস্মৃত হবে না।
“আমি তাঁদের প্রতি আকুল থাকি, যখন কোনো পাখি ডালপালায় গান গায়। তাঁদের প্রতি আল্লাহর দোয়া ও শান্তি বর্ষিত হোক। হে আমার পবিত্র সন্তানরা, তোমরা উত্তম এবং ধার্মিক!”
————
> মূল :
ড. মুহাম্মদ আকরাম নদভী, অক্সফোর্ড, যুক্তরাজ্য।
> অনুবাদ ও সম্পাদনা :
মাওলানা মারজান আহমদ, সিলেট, বাংলাদেশ।